চাঁদপুরে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলছিল। এসময় নৌকা প্রতীকের প্রার্থী মুহম্মদ শফিকুর রহমানের সমর্থকরা জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে প্রতিপক্ষ ঈগল প্রতীকের প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়ার সমর্থকদের ধাওয়া দেয়। এতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করে। এতে উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছুঁড়ে। এতে কেউ আহত হয়নি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, 'জাল ভোট দেওয়ার অভিযোগে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুঁড়ে। এতে অতিরিক্ত পুলিশ সুপার মোহিত চৌধুরীর গাড়ি ভাঙচুর করা হয়।'
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মুরাদ হোসেন চৌধুরী বলেন, '৩ হাজার ২২ জন ভোটারের কেন্দ্রটিতে শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। আমরা সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত ৪০৭ জনের ভোটগ্রহণ করি। কিন্তু জাল ভোট দেওয়ার গুজব ওঠায় ভোটকেন্দ্রের বাইরে হট্টগোল দেখা দেয়। এর ফলে রিটার্নিং কর্মকর্তা ভোটগ্রহণ স্থগিত করে দেন। তবে প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করায় বিকেল ৩টার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।'
